মো.শিফাত মাহমুদ ফাহিম,বিশেষ প্রতিনিধি:নওগাঁ জেলার নিকটস্থ আত্রাই থানার কনস্টেবল জাকিরের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগে “দৈনিক নতুন দিগন্ত” পত্রিকায় সংবাদ প্রকাশের পরপরই তাকে সাপাহার থানায় বদলি করা হয়েছে। বিষয়টি নিয়ে স্থানীয় মহলে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।
জানা যায়, আত্রাই থানায় দায়িত্ব পালনকালীন সময়ে কনস্টেবল জাকিরের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম, অসদাচরণ এবং আর্থিক লেনদেন সংক্রান্ত অভিযোগ দীর্ঘদিন ধরে স্থানীয়দের মধ্যে ঘুরপাক খাচ্ছিল। এসব অভিযোগের প্রেক্ষিতে সম্প্রতি “দৈনিক নতুন দিগন্ত” পত্রিকায় একটি প্রতিবেদন প্রকাশিত হয়, যেখানে তার বিরুদ্ধে ওঠা নানা অনিয়মের বিষয় তুলে ধরা হয়।
সংবাদ প্রকাশের পরপরই ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে দ্রুত প্রশাসনিক পদক্ষেপ গ্রহণ করে। এর অংশ হিসেবে কনস্টেবল জাকিরকে আত্রাই থানা থেকে সাপাহার থানায় বদলি করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে।
তবে এই বদলিকে ঘিরে জনমনে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকেই মনে করছেন, শুধুমাত্র বদলি নয়, অভিযোগের সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দোষ প্রমাণিত হলে তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া প্রয়োজন। অন্যদিকে কেউ কেউ এটিকে তাৎক্ষণিক প্রশাসনিক ব্যবস্থা হিসেবে দেখছেন।
এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে পুলিশ বিভাগের একাধিক সূত্র জানিয়েছে, অভিযোগের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
স্থানীয় সচেতন মহল মনে করছেন, পুলিশের সদস্যদের বিরুদ্ধে ওঠা অভিযোগের সুষ্ঠু তদন্ত ও জবাবদিহিতা নিশ্চিত করা হলে আইন-শৃঙ্খলা বাহিনীর প্রতি জনগণের আস্থা আরও বৃদ্ধি পাবে।
Leave a Reply