1. ssexpressit@gmail.com : admin :
  2. dailynatundiganto@gmail.com : Homayon Kabir : Homayon Kabir
সর্বশেষ :

আত্রাই পানি উন্নয়ন বোর্ডের জায়গা দখলের দোকানঘর নির্মাণ—আইনগত ব্যবস্থা দাবিতে স্থানীয়দের ক্ষোভ

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬

মো.শিফাত মাহমুদ ফাহিম,বিশেষ প্রতিনিধি:নওগাঁ জেলার আত্রাই উপজেলায় পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) অধীন নদীর জায়গা দখল করে অবৈধভাবে দোকানঘর নির্মাণের অভিযোগ উঠেছে। উপজেলার রেজিস্ট্রি অফিস সংলগ্ন এলাকায় নদীর অংশে স্থায়ী পাকা স্থাপনা নির্মাণ করায় এলাকায় তীব্র সমালোচনা ও উদ্বেগের সৃষ্টি হয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, “দুবাই কালেকশন”, “দুবাই কসমেটিকস” ও “রিঙ্কু জুয়েলার্স”-এর মালিক সংশ্লিষ্ট ব্যক্তি নদীর ভেতরে মাটি ভরাট করে পাকা দোকানঘর নির্মাণ করছেন। এতে নদীর স্বাভাবিক প্রবাহ ব্যাহত হওয়ার পাশাপাশি দখল হয়ে যাচ্ছে নদীর গুরুত্বপূর্ণ অংশ।

স্থানীয়দের অভিযোগ, সরকারি খাস জমি ও পানি উন্নয়ন বোর্ডের নিয়ন্ত্রণাধীন নদীর জায়গা এভাবে দখল করা বাংলাদেশ পানি আইন, ২০১৩ অনুযায়ী দণ্ডনীয় অপরাধ। একই সঙ্গে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ এবং দণ্ডবিধি, ১৮৬০-এর বিভিন্ন ধারারও লঙ্ঘন হতে পারে বলে সচেতন মহল মনে করছেন।

একাধিক স্থানীয় বাসিন্দা নাম প্রকাশ না করার শর্তে বলেন,“নদীর জায়গা দখল করে এভাবে স্থাপনা নির্মাণ করা হলে নদীর স্বাভাবিক গতিপথ সংকুচিত হয়ে যাবে। বর্ষা মৌসুমে পানি প্রবাহ বাধাগ্রস্ত হয়ে জলাবদ্ধতা ও বন্যার ঝুঁকি বাড়বে। একই সঙ্গে পরিবেশ ও জীববৈচিত্র্যের উপর মারাত্মক প্রভাব পড়বে।”

আরেকজন সচেতন নাগরিক বলেন,“সরকার নদী রক্ষা ও অবৈধ দখল উচ্ছেদে কঠোর অবস্থানে রয়েছে। অথচ প্রকাশ্যে নদী ভরাট করে স্থাপনা নির্মাণ করা হলেও কার্যকর পদক্ষেপ দেখা যাচ্ছে না, যা অত্যন্ত উদ্বেগজনক।”

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মো. আলাউল ইসলাম বলেন,“নদীর জায়গা বা পানি উন্নয়ন বোর্ডের জমি দখলের কোনো সুযোগ নেই। ঘটনাটি আমাদের নজরে এসেছে। বিষয়টি তদন্ত করে সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে এবং অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে।”

সচেতন মহল দ্রুত তদন্ত সাপেক্ষে অবৈধ দখল উচ্ছেদ এবং দখলদারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। অন্যথায় নদীর স্বাভাবিক অস্তিত্ব, পরিবেশগত ভারসাম্য ও জননিরাপত্তা হুমকির মুখে পড়তে পারে বলে তারা আশঙ্কা প্রকাশ করেন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :