মো.শিফাত মাহমুদ ফাহিম,বিশেষ প্রতিনিধি: নওগাঁ সদর থানার কালিতলা ফাঁড়ি পুলিশের অভিযানে এক দুর্ধর্ষ চোরকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তার কাছ থেকে চুরি হওয়া ৪ ভরি স্বর্ণালংকার এবং নগদ ৪১ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়।
জানা যায়, গত ১৮ জুন ২০২৬ তারিখে নওগাঁ সদর থানাধীন কালিতলা এলাকার বাসিন্দা মো. আব্দুল হাকিম সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে তিনি উল্লেখ করেন, ওইদিন সকাল প্রায় ১০টার দিকে অজ্ঞাতনামা চোর বা চোরের দল তার নিজ বাসভবনের দ্বিতীয় তলায় অবস্থিত ফ্ল্যাটের একটি কক্ষের তালা ভেঙে প্রবেশ করে প্রায় ৪ ভরি স্বর্ণালংকার এবং নগদ ১ লাখ টাকা চুরি করে নিয়ে যায়।
অভিযোগ পাওয়ার পর নওগাঁ জেলার পুলিশ সুপার মো. তারিকুল ইসলাম এর নির্দেশনায় কালিতলা ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক সুজনের নেতৃত্বে একটি চৌকস পুলিশ টিম তদন্তে নামে। তথ্যপ্রযুক্তির সহায়তা, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চোরের পরিচয় শনাক্ত করা হয়।
পরবর্তীতে শুক্রবার (১৯ জুন) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে অভিযান চালিয়ে নওগাঁ জেলার চকমোক্তার মাস্টারপাড়া এলাকার বাসিন্দা মুরাদ (২৮), পিতা- বজলুর রশিদকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে চুরি হওয়া ৪ ভরি স্বর্ণালংকার এবং নগদ ৪১ হাজার ৫০০ টাকা উদ্ধার করে পুলিশ।
পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত মুরাদ নিজেকে একাধিক চুরির সঙ্গে জড়িত বলে স্বীকার করেছে। তিনি একজন কুখ্যাত চোর এবং একাই বিভিন্ন স্থানে চুরি করে থাকেন। অতীতেও বিভিন্ন এলাকা থেকে স্বর্ণালংকার চুরির ঘটনায় তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে নওগাঁ সদর থানা পুলিশ জানিয়েছে।
Leave a Reply