মো.শিফাত মাহমুদ ফাহিম,বিশেষ প্রতিনিধি:নওগাঁ জেলার রাণীনগর উপজেলায় পুলিশের অভিযানে একটি বসতবাড়ি থেকে আনুমানিক ৯.৫ কেজি ওজনের একটি কষ্টিপাথরের মূর্তি উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত মূর্তিটির আনুমানিক বাজারমূল্য প্রায় ২০ লাখ টাকা বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার (১০ জুলাই ২০২৬) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে নওগাঁ জেলার পুলিশ সুপারের নির্দেশনায় রাণীনগর থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে উপজেলার ৪ নম্বর পারইল ইউনিয়নের পারইল মাঝিপাড়া গ্রামের মো. লিটন হোসেন (৩৮), পিতা- মো. গফুর হোসেন (দুলু)-এর বসতবাড়িতে তল্লাশি চালানো হয়।
তল্লাশির একপর্যায়ে বাড়ির শয়নকক্ষের একটি চালভর্তি ড্রামের ভেতর থেকে একটি কষ্টিপাথরের মূর্তি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মূর্তিটির ওজন আনুমানিক ৯.৫ কেজি।
পুলিশ জানায়, প্রাথমিকভাবে স্থানীয় একজন স্বর্ণকারের মাধ্যমে পরীক্ষা-নিরীক্ষা করে মূর্তিটি কষ্টিপাথরের বলে নিশ্চিত হওয়া গেছে। প্রাথমিক মূল্যায়নে এর আনুমানিক বাজারমূল্য প্রায় ২০ লাখ টাকা বলে ধারণা করা হচ্ছে।
এ ঘটনায় উদ্ধারকৃত মূর্তিটি জব্দ করা হয়েছে এবং বিষয়টি নিয়ে রাণীনগর থানায় সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
পুলিশ জানিয়েছে, ঘটনাটির প্রকৃত উৎস, মালিকানা এবং উদ্ধারকৃত প্রত্নবস্তুটির আইনগত অবস্থান যাচাই করে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
Leave a Reply