মো.শিফাত মাহমুদ ফাহিম,বিশেষ প্রতিনিধি: সৌদি আরবের রাজধানী রিয়াদের মুসাসানিয়া এলাকায় সোফা কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহতদের মধ্যে নওগাঁর আত্রাই উপজেলার সাতজনসহ মোট নয়জনের মরদেহ দেশে আসছে আগামীকাল বৃহস্পতিবার (২৭ আগস্ট)।
আগামীকাল বিকেল ৪টা ৫ মিনিটে সৌদি আরব থেকে বিমানযোগে তাঁদের মরদেহ ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে। বিমানবন্দরে প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে মরদেহগুলো স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
নিহতদের মরদেহ দেশে ফেরার খবরে আত্রাই উপজেলার সংশ্লিষ্ট পরিবারগুলোতে শোকের ছায়া নেমে এসেছে। দীর্ঘ প্রতীক্ষার পর প্রিয়জনের মরদেহ দেশে ফেরার খবরে স্বজনদের মধ্যে একদিকে যেমন শোকের মাতম চলছে, অন্যদিকে শেষবারের মতো প্রিয়জনকে দেখার অপেক্ষাও তৈরি হয়েছে।
প্রথম ধাপে ওই অগ্নিকাণ্ডে নিহত ১৬ জনের মধ্যে মোট নয়জনের মরদেহ দেশে আনা হচ্ছে। এর মধ্যে আত্রাই উপজেলার সাতজন হলেন—
১. মো. ফরিদ, পিতা,মো. ময়ন উদ্দিন, গ্রাম,উদনপৈ, আত্রাই, নওগাঁ।২. মো. রুবেল প্রামাণিক, পিতা,মো. সাইদুর রহমান, গ্রাম গন্ডগোহালী, আত্রাই, নওগাঁ।
৩. মো. সাহেল রানা, পিতা,মো. বাদল তরফদার, গ্রাম ডুবাই, আত্রাই, নওগাঁ।৪. মো. কালিমুল্লাহ, পিতাবদরুল রহমান, গ্রাম গন্ডোগোহালী, আত্রাই, নওগাঁ।৫. মো. মোহন আলী, পিতা,গুফকার প্রামাণিক, গ্রাম গন্ডোগোহালী, আত্রাই, নওগাঁ।
৬. মো. মমুন আলী, পিতা গুফকার প্রামাণিক, গ্রাম গন্ডোগোহালী, আত্রাই, নওগাঁ।
৭. আব্দুল জলিল সরদার, পিতা তমেজ উদ্দিন সরদার, গ্রাম পারকাসুন্দা, আত্রাই, নওগাঁ।
এছাড়া নাটোর জেলার নলডাঙ্গা উপজেলার মহিষডাঙ্গা গ্রামের আশরাফুল ইসলামের ছেলে রবিউল ইসলাম এবং রাজশাহী জেলার বাগমারা উপজেলার মরুগ্রামের কলিমউদ্দিন মাঝির ছেলে শ্যামল মাঝির মরদেহও একই ফ্লাইটে দেশে আসার কথা রয়েছে।
মরদেহ গ্রহণ ও পরবর্তী দাফন কার্যক্রম নির্বিঘ্নে সম্পন্ন করতে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে।
বিষয়টি নিশ্চিত করেছেন আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনিরুজ্জামান।
Leave a Reply