মো.শিফাত মাহমুদ ফাহিম, বিশেষ প্রতিনিধি: নওগাঁ জেলার আত্রাই উপজেলায় মাদক নির্মূলে জোরালো অভিযান পরিচালনা করেছে আত্রাই থানা পুলিশ। পুলিশ সুপার, নওগাঁর নির্দেশনায় বৃহস্পতিবার সন্ধ্যায় আত্রাই থানা পুলিশ ও ভ্রাম্যমাণ আদালতের যৌথ উদ্যোগে উপজেলার বিভিন্ন এলাকায় বিশেষ মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। অভিযানে তিনজন মাদকসেবীকে গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, মাদকের বিস্তার রোধ, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সমাজকে মাদকমুক্ত করার লক্ষ্যে এ বিশেষ অভিযান পরিচালিত হয়। অভিযানের সময় বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তিনজনকে মাদক সেবনের অভিযোগে আটক করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- ১. মো. সাজেদুল ইসলাম (১৮), পিতা: মৃত এছাহার প্রামানিক, গ্রাম: জিয়ানন্দপাড়া, থানা: বাগমারা, জেলা: রাজশাহী। ২. মো. সাকিব হোসেন (২১), পিতা: শাহাবুদ্দিন আহমেদ, গ্রাম: সাহেবগঞ্জ সরদারপাড়া, থানা: আত্রাই, জেলা: নওগাঁ। ৩. মো. রায়হান আলী (২৫), পিতা: মো. আসলাম আলী, গ্রাম: পাচপাকিয়া, থানা: আত্রাই, জেলা: নওগাঁ।
গ্রেফতারের পর তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে আদালত প্রত্যেককে ২১ (একুশ) দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং অর্থদণ্ড প্রদান করেন।
আত্রাই থানা পুলিশ জানায়, মাদকের বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবে এ ধরনের অভিযান ভবিষ্যতেও আরও জোরদার করা হবে। উপজেলার কোথাও মাদক ব্যবসা, সেবন বা মাদক সংশ্লিষ্ট কোনো অপরাধের তথ্য পাওয়া গেলে তাৎক্ষণিকভাবে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তারা বলেন, মাদক শুধু একজন ব্যক্তিকে নয়, একটি পরিবার ও সমাজকে ধ্বংস করে। তাই মাদক নির্মূলে পুলিশের পাশাপাশি সর্বস্তরের জনগণের সক্রিয় সহযোগিতা অত্যন্ত জরুরি।
পুলিশ সুপার, নওগাঁর নির্দেশনায় আগামী দিনগুলোতেও আত্রাই থানা এলাকায় নিয়মিত মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে। একই সঙ্গে মাদক সংক্রান্ত যেকোনো তথ্য গোপনীয়ভাবে পুলিশকে জানিয়ে সহযোগিতা করার জন্য আত্রাইবাসীর প্রতি আহ্বান জানানো হয়েছে।
Leave a Reply