আনাস বিন তাহের, সাভার প্রতিনিধি :
সাভারে উৎসবমুখর পরিবেশে শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩০ অক্টোবর) সাভার পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের তারাপুর মাঠে সাভার তারাপুর ফুটবল একাডেমির উদ্যোগে এ খেলার আয়োজন করা হয়।
ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার পৌরসভার মেয়র পদপ্রার্থী মো. খোরশেদ আলম।
প্রধান অতিথির বক্তব্যে খোরশেদ আলম বলেন, খেলাধুলা শুধু বিনোদনের মাধ্যম নয়, যুবসমাজকে মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। একটি সুস্থ, সুন্দর ও শৃঙ্খলাবদ্ধ জাতি গঠনে খেলাধুলার বিকল্প নেই। তরুণ প্রজন্মকে শারীরিক ও মানসিকভাবে সক্ষম করে তুলতে নিয়মিত এ ধরনের ক্রীড়া আয়োজন অব্যাহত রাখতে হবে। এ সময় তিনি যুবসমাজকে মাদক ছেড়ে খেলার মাঠে ফিরে আসার আহ্বান জানান এবং স্থানীয় ক্রীড়াঙ্গনের উন্নয়নে পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।
সাভার তারাপুর ফুটবল একাডেমির সার্বিক ব্যবস্থাপনায় এবং ঢাকা জেলা যুবদলের মো. সাইফুল ইসলাম নবীনের তত্ত্বাবধানে আয়োজিত অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. মাহফুজ ইকবাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী ইয়ার মোহাম্মদ ইয়াসিন সরকার শাওন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাভার পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী ও সাভার পৌর স্বেচ্ছাসেবক দলের সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক মো. দেলোয়ার হোসেন মাদবর। অনুষ্ঠান সঞ্চালনা করেন ঢাকা জেলা উত্তর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. রাসেল শাহ।
খেলা শেষে অতিথিরা বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন। এ সময় স্থানীয় ক্রীড়াপ্রেমী হাজারো দর্শকের উপস্থিতিতে তারাপুর মাঠজুড়ে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
Leave a Reply