আনাছ বিন তাহের | আশুলিয়া (ঢাকা):
আশুলিয়ার আউকপাড়ায় অবস্থিত ঐতিহ্যবাহী “শরীফ বায়তুল মামুর” দরবার শরীফে ধর্মীয় আবেগ ও বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে ২৮তম বাৎসরিক পবিত্র ওরশ মোবারক। বিশ্ব তাওহীদ জামায়াতের উদ্যোগে আয়োজিত দুই দিনব্যাপী এই আধ্যাত্মিক সম্মেলনে দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজারো আশেকান ও ভক্তবৃন্দের মুখরিত সমাগম ঘটে।
দরবার শরীফ সূত্রে জানা যায়, তরিকায়ে হক জাল্লাল্লাহ্-এর প্রখ্যাত ইমাম “ইয়া ইমামুর রাব্বানী গাউস-উল-আযম শেখ-এ ফালাহ্ হযরত নূর মোহাম্মদ মাওলা আলী জাল্লাল্লাহ্’র স্মরণে এ বাৎসরিক ওরশ মোবারকের আয়োজন করা হয়। নির্ধারিত কর্মসূচি অনুযায়ী গত ২১ ও ২২ শে অক্টোবর (বুধবার ও বৃহস্পতিবার) দিনব্যাপী খতমে কোরআন, ওয়াজ ও দোয়ার মাহফিল, ফাতেহা শরীফ, জিকির আজগার, খতমে হক জাল্লাল্লাহ্ এবং বিশেষ আখেরি মোনাজাত অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠান ও ওরশ মোবারক প্রসঙ্গে বায়তুল মামুর দরবার শরীফ মসজিদ কমিটির সেক্রেটারি জুলহাজ শিকদার বলেন, “বিশ্বশান্তি, মানবজাতির আত্মশুদ্ধি এবং আল্লাহর অফুরন্ত খাস রহমত ও বরকত হাসিলের উদ্দেশ্যেই প্রতিবছর এই আয়োজন করা হয়। আগত ভক্তদের নিরাপত্তা ও সুষ্ঠুভাবে এবাদত-বন্দেগি পালনের জন্য আমাদের পক্ষ থেকে সার্বিক প্রস্তুতি নিশ্চিত করা হয়েছিল।”
মিরপুর থেকে আগত নাসির চৌধুরী নামে এক ভক্ত আবোগাপ্লুত হয়ে বলেন, প্রতি বছরই আল্লাহর খাস রহমত ও রুহানি ফয়েজ হাসিলের আশায় এই দরবার শরীফে ছুটে আসি। দুই দিনব্যাপী জিকির ও দোয়ার মাহফিলে অংশ নিয়ে অন্তরে এক অপূর্ব প্রশান্তি অনুভব করছি।”
আয়োজন সম্পর্কে দরবার শরীফের গদিনাশীন মোঃ শাহাদাত হোসেন ও মোঃ শাহ পরান যৌথ এক বার্তায় জানান, “শান্তি, মুক্তি ও কল্যাণের বার্তা ছড়িয়ে দেওয়াই তরিকায়ে হক জাল্লাল্লাহ্-এর মূল লক্ষ্য। ধর্মপ্রাণ প্রতিটি মানুষ যেন এখান থেকে আখিরাতের পাথেয় এবং রুহানি ফয়েজ-বরকত হাসিল করতে পারেন, সে উদ্দেশ্যেই এই ওরশ মোবারকের আয়োজন করা হয়েছে। আগামীতেও সকল আশেকানদের এই মিলনমেলায় অংশ নেওয়ার আহ্বান জানাচ্ছি।”
পরিশেষে আখেরি মোনাজাতে দেশ, জাতি ও সমগ্র মুসলিম উম্মাহর সুস্বাস্থ্য, শান্তি ও সমৃদ্ধি কামনা করে ওরশ মোবারকের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটে।
Leave a Reply