নিজস্ব প্রতিবেদক:শোকাবহ ১৫ আগস্ট উপলক্ষে নওগাঁর রাণীনগর উপজেলা ছাত্রলীগের উদ্যোগে মোমবাতি প্রজ্জ্বলন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ আগস্টে নিহত সকল শহীদের স্মরণে এ কর্মসূচির আয়োজন করা হয়।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) সন্ধ্যায় রাণীনগর উপজেলার কোনো এক গোপন স্থানে আয়োজিত মোমবাতি প্রজ্জ্বলন কর্মসূচিতে উপজেলা ছাত্রলীগের কিছু নেতাকর্মী অংশ নেন। এ সময় নেতাকর্মীরা হাতে মোমবাতি নিয়ে নীরবতা পালন করেন এবং ১৫ আগস্টের শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
কর্মসূচিতে অংশ নেওয়া নেতাকর্মীরা বলেন, ১৫ আগস্ট বাঙালি জাতির ইতিহাসে একটি বেদনাবিধুর অধ্যায়। এদিন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের অধিকাংশ সদস্যকে নির্মমভাবে হত্যা করা হয়। শহীদদের স্মরণে এমন কর্মসূচির মাধ্যমে তাঁদের প্রতি শ্রদ্ধা জানানো হয়েছে।
এদিকে, মোমবাতি প্রজ্জ্বলন কর্মসূচির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর দলীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক আলোচনা শুরু হয়। দলীয় নেতাকর্মীরা এ কর্মসূচিকে বর্তমানে দলটির দুঃসময়ে একটি সাহসী পদক্ষেপ হিসেবে উল্লেখ করেছেন। ১৫ আগস্ট উপলক্ষে কর্মসূচি পালন করায় আয়োজকদের প্রশংসায় ভাসছেন দলীয় নেতাকর্মীরা।
অনেকে সামাজিক যোগাযোগমাধ্যমে কর্মসূচিতে অংশ নেওয়া নেতাকর্মীদের সাহসিকতার প্রশংসা করে বিভিন্ন মন্তব্য করেন। তাদের মতে, রাজনৈতিক প্রতিকূলতার মধ্যেও ১৫ আগস্টের শহীদদের স্মরণে প্রকাশ্যে এমন কর্মসূচি পালন করা নিঃসন্দেহে সাহসিকতার পরিচয়।
কর্মসূচি শেষে ১৫ আগস্টের শহীদদের আত্মার শান্তি কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। এতে রাণীনগর উপজেলা ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।
Leave a Reply