জেলা (নওগাঁ) প্রতিনিধি:নওগাঁর বদলগাছীতে গ্রাম আদালতের কার্যক্রম আরও গতিশীল ও ত্বরান্বিত করার লক্ষ্যে দিনব্যাপী ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ইসরাত জাহান ছনির সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপজেলার ৮টি ইউনিয়নের হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর এবং ইউপি প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভায় গ্রাম আদালতের কার্যক্রম, গত তিন মাসে দায়ের ও নিষ্পত্তি হওয়া মামলার তথ্য, সার্বিক অগ্রগতি এবং সংশ্লিষ্ট রিপোর্ট বিস্তারিত তুলে ধরেন গ্রাম আদালতের উপজেলা কো-অর্ডিনেটর হোসনে আরা স্বপ্না। এ সময় প্রজেক্টরের মাধ্যমে গ্রাম আদালতের মামলার পরিসংখ্যান ও অগ্রগতির চিত্র প্রামাণ্য আকারে অংশগ্রহণকারীদের সামনে উপস্থাপন করা হয়।
সভাপতির বক্তব্যে ইউএনও ইসরাত জাহান ছনি বলেন, গ্রাম আদালতের কার্যক্রম সুষ্ঠু ও কার্যকরভাবে পরিচালনায় সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে। গ্রাম আদালতের মামলার নথি ও রেজিস্ট্রারসমূহ নিয়মিত হালনাগাদ রাখার ওপর বিশেষ গুরুত্বারোপ করে তিনি ইউপি চেয়ারম্যানদের সহযোগিতা করার জন্য হিসাব সহকারী ও ইউপি প্রশাসনিক কর্মকর্তাদের নির্দেশ দেন। এ সময় বদলগাছী উপজেলার সব ইউনিয়নে গ্রাম আদালতের কার্যক্রমকে আরও গতিশীল ও জনবান্ধব করতে সংশ্লিষ্ট সবার সার্বিক সহযোগিতা কামনা করেন তিনি।
উল্লেখ্য, বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উদ্যোগে এবং ইউরোপীয় ইউনিয়ন, ইউএনডিপি ও বাংলাদেশ সরকারের যৌথ অর্থায়নে ‘বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (তৃতীয় পর্যায়)’ প্রকল্প বাস্তবায়িত হচ্ছে।
Leave a Reply