মো.শিফাত মাহমুদ ফাহিম,বিশেষ প্রতিনিধি: সাভারে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ৮ নেতাকর্মীকে গ্রেফতার করেছে সাভার মডেল থানা পুলিশ। গ্রেফতারদের মধ্যে সাভার সদর ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক শেখ তুহিন ও আমিনবাজার ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি মো. আকাশ রয়েছেন।
রোববার (২০ সেপ্টেম্বর) দুপুর থেকে সোমবার (২১ সেপ্টেম্বর) ভোররাত পর্যন্ত সাভারের বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতার অন্যরা হলেন—রাজু খান, আনোয়ার হোসেন, রুহুল আমিন রাজিব, মো. আরিফুল ইসলাম, মোহাম্মদ আলী ও মুরাদ হোসেন।
সাভার মডেল থানার ওসি সাইফুল আলম বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতাররা নিষিদ্ধ আওয়ামী লীগের পক্ষে ঝটিকা মিছিলসহ বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে নাশকতা ও অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চালিয়ে আসছিলেন বলে অভিযোগ রয়েছে। তাদের কাছ থেকে এ সংক্রান্ত আলামত জব্দ করা হয়েছে।
তিনি আরও জানান, গ্রেফতারদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়েছে। তদন্তের স্বার্থে তাদের জিজ্ঞাসাবাদের জন্য আদালতে রিমান্ড আবেদন করা হবে। একই সঙ্গে সংশ্লিষ্ট অন্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
Leave a Reply