আনাস বিন তাহের, সাভার প্রতিনিধি :
শ্রমিকদের ন্যায্য দাবি আদায়ের আন্দোলনের প্রতি সমর্থন জানিয়ে পোশাকশ্রমিকদের কাজে ফেরার আহ্বান জানিয়েছেন সাভার পৌর যুবদলের সাবেক সহসভাপতি ও পৌর বিএনপি নেতা মোঃ মুঞ্জরুল ইসলাম। একই সঙ্গে শ্রমিক আন্দোলনকে কেন্দ্র করে শিল্পাঞ্চলে অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টা প্রতিহত করতে যুবদলের নেতাকর্মীদের সতর্ক ও প্রস্তুত থাকার অনুরোধ করেন তিনি।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) সাভারের আল মুসলিম গার্মেন্টস এলাকায় বিএনপি ও যুবদলের উদ্যোগে আয়োজিত মিছিল ও অবস্থান কর্মসূচিতে অংশ নিয়ে এসব কথা বলেন তিনি। কর্মসূচিতে স্থানীয় এলাকাবাসীসহ বিএনপি ও এর বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
সাভার পৌর যুবদলের সাবেক সহ সভাপতি ও পৌর বিএনপি নেতা ও ৯ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী মোঃ মুঞ্জরুল ইসলাম বলেন, শ্রমিকদের ন্যায্য দাবি ও অধিকার আদায়ের আন্দোলনের প্রতি বিএনপির সমর্থন রয়েছে। তবে সাধারণ শ্রমিকদের আন্দোলনকে পুঁজি করে একটি স্বার্থান্বেষী মহল শিল্পাঞ্চলে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে। শ্রমিকদের সঙ্গে মিশে গিয়ে ফ্যাসিস্টদের দোসররা অস্থিতিশীল পরিস্থিতি তৈরির অপচেষ্টা চালাচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।
তিনি বলেন, ‘সাধারণ শ্রমিকরা কোনো বিশৃঙ্খলা করছেন না। তাদের ন্যায্য দাবি আদায়ের আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা চলছে। শ্রমিকদের অধিকার রক্ষার পাশাপাশি শিল্পকারখানার নিরাপত্তা নিশ্চিত করাও আমাদের দায়িত্ব।’
মুঞ্জরুল ইসলাম আরও বলেন, আন্দোলনের নামে কোনো কারখানায় হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ কিংবা সাধারণ মানুষের জানমালের ক্ষতি করা হলে তা কোনোভাবেই মেনে নেওয়া হবে না। শ্রমিকদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ন্যায্য দাবি আদায়ের আন্দোলন শান্তিপূর্ণভাবে চালিয়ে যেতে হবে এবং কাজে ফিরে শিল্পকারখানার উৎপাদন সচল রাখতে হবে।
পোশাকশিল্পকে দেশের অর্থনীতির অন্যতম প্রধান চালিকাশক্তি উল্লেখ করে তিনি বলেন, সাভার ও আশুলিয়ার শিল্পাঞ্চলে লাখ লাখ শ্রমিকের জীবিকা এ শিল্পের ওপর নির্ভরশীল। শিল্পকারখানা ধ্বংসের অপচেষ্টা কোনোভাবেই সফল হতে দেওয়া যাবে না। শ্রমিকদের স্বার্থ রক্ষা এবং শিল্পাঞ্চলে স্বাভাবিক পরিবেশ বজায় রাখতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
এ সময় শ্রমিক আন্দোলনকে কেন্দ্র করে কোনো স্বার্থান্বেষী মহল যাতে শিল্পকারখানায় নৈরাজ্য সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে যুবদলের নেতাকর্মীদের সতর্ক থাকার নির্দেশ দেন তিনি।
এদিন সাভার ও আশুলিয়ার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে অবস্থান কর্মসূচি পালন করেন যুবদলের নেতাকর্মীরা।
Leave a Reply