মো.শিফাত মাহমুদ ফাহিম,বিশেষ প্রতিনিধি: নওগাঁ জেলার আত্রাই উপজেলায় যথাযোগ্য মর্যাদা, গভীর শ্রদ্ধা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হয়েছে মহান ২১ ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়।
প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে কর্মসূচির সূচনা হয়। এ সময় উপজেলা প্রশাসন, বিভিন্ন সরকারি- বেসরকারি প্রতিষ্ঠান, রাজনৈতিক সংগঠন, শিক্ষা- প্রতিষ্ঠান এবং সর্বস্তরের মানুষ শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।
পরবর্তীতে আলোচনা সভা, কবিতা আবৃত্তি, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে এবং ভাষা আন্দোলনের চেতনাকে ধারণ করে তাদের মেধা ও সৃজনশীলতার প্রকাশ ঘটায়।
উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মো. আলাউল ইসলাম। তিনি তার বক্তব্যে বলেন, “মাতৃভাষার জন্য জীবন উৎসর্গকারী ভাষা শহীদদের আত্মত্যাগ বাঙালি জাতির গৌরবময় ইতিহাস। তাদের এই ত্যাগ আমাদের চেতনায় চির অম্লান হয়ে থাকবে।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভূমি কর্মকর্তা মো. নূরে আলম সিদ্দিকী, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মো. খায়রুল আলম, উপজেলা কৃষি কর্মকর্তা শ্রীঃ প্রসেনজিৎ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. সোহেল রানা এবং উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. মাজহারুল ইসলাম।
এছাড়াও উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা- কর্মচারী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক এবং রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এ সময় শিক্ষার্থীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।
সমগ্র আয়োজনটি ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন এবং মাতৃভাষার মর্যাদা রক্ষায় নতুন প্রজন্মকে উদ্বুদ্ধ করার এক অনন্য দৃষ্টান্ত হয়ে ওঠে।
Leave a Reply