মো.শিফাত মাহমুদ ফাহিম,বিশেষ প্রতিনিধি:ডেঙ্গুর প্রকোপ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি ও পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে নওগাঁয় মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে জেলা যুবদল।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা এবং যুবদলের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রোববার (২০ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে নওগাঁ সরকারি কলেজ চত্বর থেকে এ কর্মসূচি শুরু হয়।
পরে নওগাঁ ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল চত্বর, স্টাফ কোয়ার্টার এলাকা, সেবাশ্রম রোড, রুবির মোড়, কাজির মোড় ও মুক্তির মোড়সহ বিভিন্ন জনবহুল এলাকায় মশক নিধনের ওষুধ স্প্রে ও ছিটানো হয়। একই সঙ্গে বিভিন্ন স্থানে জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার করেন যুবদলের নেতাকর্মীরা। এ সময় পথচারী ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক বার্তাও দেওয়া হয়।
কর্মসূচিতে নওগাঁ জেলা যুবদলের আহ্বায়ক মাসুদ হায়দার টিপু, সদস্য সচিব রুহুল আমিন মুক্তার, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক এ কে এম রওশন উল ইসলাম, যুগ্ম-আহ্বায়ক দেওয়ান মোস্তাকিম আহমেদ নিপু, রুবেল হোসেন, ময়নুল হক লিটন, রুহিনুল ইসলাম ও নাসিম ইকবালসহ জেলা, পৌর ও উপজেলা যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।
জেলা যুবদলের সদস্য সচিব রুহুল আমিন মুক্তার বলেন, “ডেঙ্গু প্রতিরোধ শুধু প্রশাসনের একার দায়িত্ব নয়, এটি আমাদের সবার সামাজিক দায়িত্ব। পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে হলে নিজ নিজ এলাকার মানুষকে সচেতন হতে হবে। সাধারণ মানুষের স্বাস্থ্য সুরক্ষায় যুবদল সবসময় মানুষের পাশে থাকতে চায়। ডেঙ্গুর বিস্তার রোধে মশক নিধন ও পরিচ্ছন্নতা কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত রাখা হবে।”
তিনি আরও বলেন, “যেসব স্থানে পানি জমে মশার প্রজননস্থল তৈরি হয়, সেসব জায়গা চিহ্নিত করে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার বিষয়ে সবাইকে আরও দায়িত্বশীল হতে হবে। দলীয় কর্মসূচির পাশাপাশি জনস্বার্থে এ ধরনের সামাজিক কার্যক্রমে যুবদলের নেতাকর্মীরা নিয়মিত অংশ নেবেন।”
এদিকে স্থানীয় কয়েকজন বাসিন্দা বলেন, ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশক নিধন কার্যক্রমের পাশাপাশি জনসচেতনতা বাড়ানো জরুরি। যুবদলের নেতাকর্মীরা বিভিন্ন এলাকায় এসে মশক নিধনের ওষুধ ছিটানো ও আবর্জনা পরিষ্কার করায় স্থানীয়দের মধ্যে সচেতনতা তৈরি হয়েছে। তবে শুধু একদিনের কর্মসূচি নয়, নিয়মিতভাবে নালা-নর্দমা ও জমে থাকা পানি পরিষ্কার রাখার উদ্যোগ নেওয়া প্রয়োজন।
কর্মসূচি শেষে যুবদল নেতারা ডেঙ্গু প্রতিরোধে সবাইকে নিজ নিজ বাড়ি, আশপাশের এলাকা ও জনসাধারণের চলাচলের স্থান পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার আহ্বান জানান।
Leave a Reply