মো.শিফাত মাহমুদ ফাহিম,বিশেষ প্রতিনিধি:নওগাঁ জেলার আত্রাই উপজেলায় পারিবারিক কলহের জেরে এক গৃহবধূকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম ও শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। উপজেলার বিশা উত্তরপাড়া গ্রামে গত ২২ জানুয়ারি দিবাগত রাতে এই বর্বরোচিত হামলার ঘটনা ঘটে।
আহত গৃহবধূর নাম মোছাঃ আঁখি খাতুন (৩৪)। তিনি ওই গ্রামের মোঃ আফতাব সরকারের মেয়ে। এই ঘটনায় তিনি তার ভাসুর,জা এবং শ্বশুর-শাশুড়িসহ ৪ জনের বিরুদ্ধে আত্রাই থানায় একটি লিখিত এজাহার দায়ের করেছেন।
এজাহার সূত্রে জানা যায়, বিবাদী মোঃ আনোয়ার হোসেন (ভাসুর), মোছাঃ মুনি বিবি (জা), মোছাঃ আঞ্জুয়ারা বিবি (শাশুড়ি) ও মোঃ আঃ রাজ্জাক (শ্বশুর)-এর সাথে আঁখি খাতুনের দীর্ঘদিন ধরে পারিবারিক বিরোধ চলছিল। গত ২২ জানুয়ারি রাত আনুমানিক ১০টার সময় বিবাদীরা তাকে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করে। প্রতিবাদ করলে শ্বশুর আঃ রাজ্জাকের হুকুমে ভাসুর আনোয়ার হোসেন ধারালো হাসুয়া দিয়ে আঁখি খাতুনকে হত্যার উদ্দেশ্যে মাথায় কোপ দেয়। এতে তার মাথা ফেটে গুরুতর রক্তাক্ত জখম হয়।
অভিযোগে আরও উল্লেখ করা হয়, ভুক্তভোগী মাটিতে পড়ে গেলে ১নং বিবাদী তার কাপড় টেনে ছিঁড়ে শ্লীলতাহানি করে। এসময় তার জা মুনি বিবি লোহার সাবল দিয়ে পিটিয়ে তাকে শরীরের বিভিন্ন স্থানে জখম করেন এবং চিৎকার বন্ধ করতে মুখে গামছা চেপে ধরেন। অন্যান্য বিবাদীরাও তাকে কিল-ঘুসি মেরে জখম করেন।
গৃহবধূর চিৎকার শুনে স্থানীয় প্রতিবেশী মোঃ রহিদুল ইসলাম ও মোঃ আলতাব হোসেনসহ আরও অনেকে এগিয়ে এলে বিবাদীরা প্রাণনাশের হুমকি দিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
ভুক্তভোগী আঁখি খাতুন জানান, হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা নিয়ে আত্মীয়-স্বজনদের সাথে পরামর্শ করে তিনি থানায় এজাহার দিয়েছেন। তিনি এই নৃশংস হামলার সুষ্ঠু বিচার ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।
এ বিষয় নিয়ে আত্রাই থানার অফিসাস ইনচার্জ (ওসি) আব্দুল করিম বলেন,ভুক্তভোগী আঁখি বাদী হয়ে একটি এজাহার দায়ের করেছেন।আমরা বিষয়টি আমলে নিয়ে দ্রুত দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করবো।
Leave a Reply