মো.শিফাত মাহমুদ ফাহিম, বিশেষ প্রতিনিধি:নওগাঁ জেলার পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম হঠাৎ আত্রাই থানা পরিদর্শন করেছেন। আকস্মিক এই পরিদর্শনে থানায় কর্মরত অফিসার ও ফোর্সদের মধ্যে এক ধরনের ব্যস্ততা দেখা যায়।
পরিদর্শনকালে পুলিশ সুপার প্রথমে থানার সার্বিক কার্যক্রম ঘুরে দেখেন এবং অফিসার ও ফোর্সের রোল কল গ্রহণ করেন। তিনি দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের কাছ থেকে বিভিন্ন কার্যক্রম, মামলা তদন্তের অগ্রগতি, টহল ব্যবস্থা এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত তথ্য নেন।
এ সময় তিনি থানায় কর্মরত সদস্যদের সাথে মতবিনিময় করেন এবং তাদের ব্যক্তিগত ও পেশাগত বিভিন্ন সুবিধা-অসুবিধার কথা মনোযোগ সহকারে শোনেন। পুলিশ সদস্যরা মাঠপর্যায়ে কাজ করতে গিয়ে যেসব চ্যালেঞ্জের সম্মুখীন হন, সে বিষয়গুলোও তার কাছে তুলে ধরা হয়।
মতবিনিময় সভায় পুলিশ সুপার বলেন, আত্রাই থানা পুলিশকে সর্বদা মাথা উঁচু করে সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সাথে কাজ করতে হবে। জনগণের আস্থা অর্জনই পুলিশের সবচেয়ে বড় সাফল্য বলেও তিনি উল্লেখ করেন।
তিনি আরও বলেন, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধ দমনে পুলিশ সদস্যদের আরও বেশি সক্রিয় ও পেশাদার ভূমিকা রাখতে হবে। বিশেষ করে এলাকায় মাদকের বিস্তার রোধে চলমান অভিযান আরও জোরদার করার জন্য তিনি কঠোর নির্দেশনা প্রদান করেন।
পুলিশ সুপার আশা প্রকাশ করেন, সকলের সম্মিলিত প্রচেষ্টায় আত্রাই থানা এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় থাকবে এবং অপরাধ দমনে পুলিশ আরও কার্যকর ভূমিকা রাখতে সক্ষম হবে।
Leave a Reply