মো.শিফাত মাহমুদ ফাহিম,বিশেষ প্রতিনিধি: নওগাঁর আত্রাই উপজেলায় মৎস্য সম্পদ সংরক্ষণ ও অবৈধভাবে মাছ শিকার বন্ধে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। বুধবার (১৫ জুলাই) বিকেল ৫টার দিকে উপজেলার শুটকি গাছা ও রসুলপুর রাবার ড্রাম এলাকায় আত্রাই নদীতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মনিরুজ্জামান-এর নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
অভিযানকালে নদী থেকে একটি বড় জাল ও ১২টি রিং জাল জব্দ করা হয়। পরে জব্দকৃত জালগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়। একই সঙ্গে শুটকি গাছা এলাকায় অবৈধ সোতি জালের অবকাঠামোও ভেঙে ফেলা হয়। ধ্বংসকৃত জাল ও অবকাঠামোর আনুমানিক মূল্য প্রায় ৭০ হাজার টাকা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনিরুজ্জামান বলেন, “আত্রাই নদীর জীববৈচিত্র্য ও দেশীয় মাছের প্রজনন রক্ষায় অবৈধ জালের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। কোনোভাবেই আইন অমান্য করে নদীতে অবৈধভাবে মাছ শিকার করতে দেওয়া হবে না। জনস্বার্থে এ ধরনের মোবাইল কোর্ট নিয়মিত পরিচালনা করা হবে।”
সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মাকসুদুর রহমান বলেন, “রিং জাল ও সোতি জালের মতো নিষিদ্ধ উপকরণ ব্যবহারের কারণে নদীর ছোট মাছ ও মাছের পোনা নির্বিচারে ধ্বংস হয়। এতে মৎস্য সম্পদের মারাত্মক ক্ষতি হয়। তাই নদীর প্রাকৃতিক পরিবেশ ও মাছের উৎপাদন রক্ষায় নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। জেলেদেরও আইন মেনে মাছ আহরণের আহ্বান জানানো হচ্ছে।”
উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগ জানিয়েছে, আত্রাই নদীতে অবৈধ জাল ব্যবহার ও নিষিদ্ধ পদ্ধতিতে মাছ শিকার বন্ধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
Leave a Reply