মো.শিফাত মাহমুদ ফাহিম,বিশেষ প্রতিনিধি:নওগাঁ জেলার আত্রাই উপজেলার আহসানগঞ্জ রেলওয়ে স্টেশনের আধুনিকায়ন, স্টেশনের স্থান পরিবর্তন, তিন লাইনবিশিষ্ট রেললাইন সম্প্রসারণসহ যাত্রীদের নাগরিক সুবিধা বৃদ্ধির বিষয়ে রেলওয়ে পশ্চিমাঞ্চলের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেছেন নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের সংসদ সদস্য শেখ মো. রেজাউল ইসলাম রেজু।
রোববার (২৭ সেপ্টেম্বর) রেলওয়ে পশ্চিমাঞ্চলের প্রকৌশলী দলের সঙ্গে এ বিষয়ে উন্মুক্ত আলোচনা ও সম্ভাব্য স্থান পরিদর্শন করা হয়।
আলোচনা শেষে প্রাথমিকভাবে আত্রাই রেলওয়ে স্টেশন ও রেলক্রসিংয়ের মধ্যবর্তী এলাকায় আহসানগঞ্জ স্টেশনের নতুন স্থান নির্ধারণের পরিকল্পনা করা হয়েছে বলে জানা গেছে। তবে এটি প্রাথমিক পরিকল্পনা; পরবর্তী সময়ে কারিগরি যাচাই ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সিদ্ধান্তের ভিত্তিতে চূড়ান্ত স্থান নির্ধারণ করা হবে।
পরিকল্পনা অনুযায়ী, আহসানগঞ্জ স্টেশনের নাম অপরিবর্তিত রেখে নতুন স্থানে একটি আধুনিক রেলওয়ে স্টেশন নির্মাণের উদ্যোগ নেওয়া হবে। একই সঙ্গে তিন লাইনবিশিষ্ট রেললাইন সম্প্রসারণ এবং যাত্রীদের জন্য আধুনিক ও প্রয়োজনীয় নাগরিক সুবিধা নিশ্চিত করার বিষয়েও আলোচনা হয়েছে।
মতবিনিময়কালে সংসদ সদস্য শেখ মো. রেজাউল ইসলাম রেজু বলেন, “আহসানগঞ্জ স্টেশনের নাম ও ঐতিহ্য অক্ষুণ্ন রেখে এটিকে আধুনিক ও যাত্রীবান্ধব স্টেশনে রূপান্তর করা আমাদের লক্ষ্য। রেল যোগাযোগের উন্নয়ন হলে আত্রাইসহ নওগাঁ-৬ আসনের মানুষের রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও দ্রুত হবে।”
তিনি আরও বলেন, “আধুনিক প্লাটফর্ম, রেললাইন সম্প্রসারণসহ প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করার জন্য রেলওয়ে কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে কাজ করা হবে। জনগণের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণে বিষয়টি গুরুত্বের সঙ্গে এগিয়ে নেওয়া হবে।”
এ সময় রেলওয়ে পশ্চিমাঞ্চলের প্রকৌশলী দলের সদস্যরা সম্ভাব্য স্থান পরিদর্শন করে প্রস্তাবিত স্টেশন নির্মাণের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।
স্থানীয়রা বলছেন, পরিকল্পনাটি বাস্তবায়িত হলে আহসানগঞ্জ রেলস্টেশনের অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি আত্রাই ও আশপাশের এলাকার মানুষের রেল যোগাযোগে নতুন সম্ভাবনার সৃষ্টি হবে।
Leave a Reply