মো.শিফাত মাহমুদ ফাহিম,বিশেষ প্রতিনিধি: নওগাঁর আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য সহকারী মো. হাবিবুর রহমানের বিরুদ্ধে অফিস চলাকালে নিয়মবহির্ভূতভাবে ব্যক্তিগত চেম্বারে রোগী দেখার অভিযোগের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এ নিয়ে দৈনিক ইনকিলাবে সংবাদ প্রকাশের পর স্বাস্থ্য বিভাগে তৎপরতা শুরু হয়। এরই মধ্যে তাকে আত্রাই থেকে নওগাঁ সদর হাসপাতালে বদলি করা হয়েছে।
গত ১ সেপ্টেম্বর দৈনিক ইনকিলাবে “অফিস সময়ে ব্যক্তিগত চেম্বারে স্বাস্থ্য সহকারী অতঃপর শোকজ” শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। এতে অভিযোগ করা হয়, সরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানে দায়িত্ব পালনরত অবস্থায় স্বাস্থ্য সহকারী হাবিবুর রহমান অফিস সময়ের মধ্যে ব্যক্তিগত চেম্বারে রোগী দেখেন। বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও অসন্তোষের সৃষ্টি হয়।
সংবাদ প্রকাশের পর অভিযোগটি স্বাস্থ্য বিভাগের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আসে। অভিযোগের সত্যতা যাচাই করতে তদন্ত কমিটি গঠন করা হয়। একই সময়ে হাবিবুর রহমানকে আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে বদলি করে নওগাঁ সদর হাসপাতালে সংযুক্ত করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
আত্রাই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ খায়রুল আলম বলেন, “হাবিবুর রহমানের বিরুদ্ধে অভিযোগটি আমাদের নজরে আসার পর বিষয়টি গুরুত্বের সঙ্গে নেওয়া হয়েছে। অভিযোগের সত্যতা যাচাইয়ের জন্য তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্তে প্রকৃত ঘটনা বেরিয়ে আসবে।”
তিনি বলেন, “ইতোমধ্যে তাকে আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে নওগাঁ সদর হাসপাতালে বদলি করা হয়েছে। সরকারি কর্মচারীদের দায়িত্ব পালনের ক্ষেত্রে সরকারি বিধিবিধান অনুসরণ করা বাধ্যতামূলক। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
এদিকে স্থানীয়রা বলছেন, সরকারি দায়িত্বে থাকা কোনো স্বাস্থ্যকর্মী যদি অফিস সময়ের মধ্যে ব্যক্তিগত চেম্বারে রোগী দেখেন, তাহলে সরকারি স্বাস্থ্যসেবা কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা থাকে। এতে সাধারণ রোগীরা সরকারি সেবা থেকে বঞ্চিত হতে পারেন। তাই তদন্ত দ্রুত শেষ করে অভিযোগের সত্যতা যাচাই এবং অনিয়ম প্রমাণিত হলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে দৃষ্টান্তমূলক প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।
তবে মো. হাবিবুর রহমানের বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে তার বক্তব্য পাওয়া যায়নি। তদন্ত কমিটির প্রতিবেদন প্রকাশের পর অভিযোগের সত্যতা এবং তার বিরুদ্ধে পরবর্তী প্রশাসনিক ব্যবস্থা সম্পর্কে বিস্তারিত জানা যাবে।
Leave a Reply