মো.শিফাত মাহমুদ ফাহিম,বিশেষ প্রতিনিধি:ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নওগাঁ-৬ (আত্রাই–রাণীনগর) আসনে ভোটগ্রহণের জন্য সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন প্রশাসন। সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে কেন্দ্রভিত্তিক কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে উপজেলা নির্বাচন অফিস।
নির্বাচন সংশ্লিষ্ট সূত্র জানায়, ভোটগ্রহণ নির্বিঘ্ন করতে আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বিত ও স্তরভিত্তিক নিরাপত্তা পরিকল্পনা চূড়ান্ত করা হয়েছে। ইতোমধ্যে ভোটকেন্দ্রগুলোতে প্রয়োজনীয় সরঞ্জাম সরবরাহসহ প্রশাসনিক সব প্রস্তুতি শেষ করা হয়েছে।
নির্বাচনী নিরাপত্তা জোরদারে নওগাঁ-৬ আসনে মোতায়েন থাকছেন ২২৯ জন সেনা সদস্য এবং চার প্লাটুন বিজিবির ৮০ জন সদস্য। পাশাপাশি ১১৫টি ভোটকেন্দ্রে দায়িত্ব পালন করবেন ২৭৩ জন পুলিশ সদস্য। সহায়ক শক্তি হিসেবে মাঠে থাকবেন ১ হাজার ৪৯৫ জন আনসার সদস্য ও ৩২ জন আর্মড ফোর্সের সদস্য।
এ বিষয়ে আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মো. আলাউল ইসলাম বলেন,“নির্বাচন যেন সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ হয় সে লক্ষ্যে সব বাহিনী সমন্বিতভাবে দায়িত্ব পালন করবে। যেকোনো ধরনের বিশৃঙ্খলা মোকাবেলায় প্রশাসন সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।”
সহকারী উপজেলা নির্বাচন অফিসার মো. এমরান হোসেন জানান, নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী ভোটগ্রহণের সব প্রস্তুতি যথাসময়ে সম্পন্ন করা হয়েছে। ভোটাররা নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।
ভোটার তথ্য অনুযায়ী, নওগাঁ-৬ আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৪৫ হাজার ৪১৬ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৭৪ হাজার ৩৫০ জন, নারী ভোটার ১ লাখ ৭১ হাজার ০৬১ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ৫ জন।
প্রশাসনের পক্ষ থেকে ভোটারদের নির্ভয়ে ও স্বতঃস্ফূর্তভাবে ভোটকেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানানো হয়েছে। সব প্রস্তুতি সম্পন্ন হওয়ায় নওগাঁ-৬ আসনে এখন অপেক্ষা কেবল ভোটের দিনের।
Leave a Reply