আত্রাই (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর আত্রাই উপজেলার ০২ নং ভোঁপাড়া ইউনিয়ন পরিষদের গত পাঁচ বছরের আয়-ব্যয়ের হিসাব নিয়ে জনমনে নানা প্রশ্ন ও আলোচনা তৈরি হওয়ায় ২০২১ সাল থেকে ২০২৬ সাল পর্যন্ত ইউনিয়ন পরিষদের সকল আর্থিক লেনদেন, সরকারি বরাদ্দ ও ব্যয়ের বিস্তারিত তথ্য চেয়ে চেয়ারম্যান মো. নাজিমুদ্দিন মণ্ডলসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে গত (১১ জুন) আবেদন করা হয়েছে।
তথ্য অধিকার আইন, ২০০৯-এর আওতায় করা ওই আবেদনে ইউনিয়ন পরিষদের প্রাপ্ত সরকারি অনুদান ও বরাদ্দ, উন্নয়ন প্রকল্পে ব্যয়, টেন্ডার কার্যক্রম, সামাজিক নিরাপত্তা কর্মসূচির অর্থ বিতরণ, বিভিন্ন খাতের আয়, কর আদায় এবং অন্যান্য আর্থিক লেনদেনের পূর্ণাঙ্গ হিসাব চাওয়া হয়েছে।
আবেদনকারী দাবি করেছেন, দীর্ঘদিন ধরে ইউনিয়ন পরিষদের আর্থিক কর্মকাণ্ড নিয়ে স্থানীয় জনগণের মধ্যে নানা প্রশ্ন ও অভিযোগ থাকলেও আয়-ব্যয়ের পূর্ণাঙ্গ তথ্য জনসম্মুখে প্রকাশ করা হয়নি। ফলে সরকারি অর্থ কোথায় এবং কীভাবে ব্যয় হয়েছে, সে বিষয়ে স্বচ্ছতা নিশ্চিত করতে তথ্যগুলো চাওয়া হয়েছে।
এ বিষয়ে আবেদনকারী বলেন, “জনগণের টাকায় পরিচালিত একটি প্রতিষ্ঠানের আয়-ব্যয়ের হিসাব জনগণের কাছ থেকে গোপন রাখার কোনো সুযোগ নেই। ইউনিয়ন পরিষদে গত পাঁচ বছরে কত টাকা এসেছে, কোন খাতে ব্যয় হয়েছে এবং প্রকল্প বাস্তবায়নে কত অর্থ খরচ হয়েছে—এসব তথ্য জনগণের জানার অধিকার রয়েছে। তাই আইনানুগভাবে এসব তথ্য চাওয়া হয়েছে।”
জানা গেছে, শুধু ইউনিয়ন পরিষদেই নয়, আবেদনপত্রের অনুলিপি উপজেলা প্রশাসন, স্থানীয় সরকার বিভাগ, জেলা প্রশাসনসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরেও পাঠানো হয়েছে, যাতে তথ্য গোপন বা বিলম্বের কোনো সুযোগ না থাকে।
স্থানীয় সচেতন মহলের মতে, ভোঁপাড়া ইউনিয়ন পরিষদের গত পাঁচ বছরের আয়-ব্যয়ের পূর্ণাঙ্গ হিসাব প্রকাশ পেলে সরকারি অর্থ ব্যবহারের প্রকৃত চিত্র জনগণের সামনে আসবে। একই সঙ্গে কোনো ধরনের অনিয়ম, দুর্নীতি বা আর্থিক অসঙ্গতি থাকলে তাও উন্মোচিত হবে।
তবে প্রতিবেদন লেখা পর্যন্ত চেয়ারম্যান নাজিমুদ্দিন মণ্ডল বা সংশ্লিষ্ট কোনো কর্তৃপক্ষ এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেননি। তথ্য অধিকার আইন অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে তথ্য সরবরাহ না করা হলে আবেদনকারী তথ্য কমিশনসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অভিযোগ দায়ের পাশাপাশি আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানা গেছে।
Leave a Reply