মো.শিফাত মাহমুদ ফাহিম,বিশেষ প্রতিনিধি:সামাজিক যোগাযোগমাধ্যমে ‘১২ কোটি শিক্ষার্থীর দায়িত্ব নিয়েছি’ বক্তব্য দিয়ে আলোচনায় আসা রুবাইয়া মেহজাবিন সুহি বর্তমানে মাইলস্টোন কলেজের ছাত্রী নন বলে জানিয়েছে কলেজ কর্তৃপক্ষ। একই সঙ্গে প্রতিষ্ঠানটির পরিচয় ব্যবহার করে বক্তব্য দেওয়ার অভিযোগে তার বিরুদ্ধে তুরাগ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
কলেজ সূত্রে জানা গেছে, রুবাইয়া মেহজাবিন সুহি ২০২৪–২৫ শিক্ষাবর্ষে মাইলস্টোন কলেজের ছাত্রী ছিলেন। তবে শৃঙ্খলাজনিত কারণে ঢাকা শিক্ষা বোর্ডের অনুমতিক্রমে তাকে ট্রান্সফার সার্টিফিকেট (টিসি) প্রদান করা হয়। ফলে বর্তমানে তিনি কলেজটির কোনো শিক্ষার্থী নন এবং প্রতিষ্ঠানের পরিচয় ব্যবহারেরও কোনো অধিকার নেই।
কলেজ কর্তৃপক্ষের অভিযোগ, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে সুহি মাইলস্টোন কলেজের পরিচয়পত্র ব্যবহার করে বক্তব্য দেন। এতে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তির সৃষ্টি হচ্ছে এবং প্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে।
এ ঘটনায় বৃহস্পতিবার তুরাগ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছে মাইলস্টোন কলেজ কর্তৃপক্ষ। পাশাপাশি বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন করা হয়েছে বলে জানিয়েছে কলেজ প্রশাসন।
উল্লেখ্য, ‘১২ কোটি শিক্ষার্থীর দায়িত্ব নিয়েছি’—এমন বক্তব্য দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনায় আসেন রুবাইয়া মেহজাবিন সুহি। তার সেই বক্তব্য ঘিরে বিভিন্ন মহলে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।
Leave a Reply