মো.শিফাত মাহমুদ ফাহিম,বিশেষ প্রতিনিধি:নওগাঁ জেলার রাণীনগর উপজেলায় যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস-২০২৬। এ উপলক্ষে উপজেলা প্রশাসন, রাণীনগর-এর উদ্যোগে বৃহস্পতিবার সকালে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়।
র্যালি শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রাকিবুল ইসলাম। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতাকর্মীসহ নানা শ্রেণি-পেশার মানুষ।
আলোচনা সভায় বক্তারা মহান মে দিবসের তাৎপর্য তুলে ধরে শ্রমিকদের অধিকার, ন্যায্য মজুরি, নিরাপদ কর্মপরিবেশ এবং সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, দেশের উন্নয়ন ও অর্থনৈতিক অগ্রগতির মূল চালিকাশক্তি হলো শ্রমজীবী মানুষ। তাই শ্রমিকদের মর্যাদা, নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করা রাষ্ট্র ও সমাজের সম্মিলিত দায়িত্ব।
সভায় গঠনমূলক বক্তব্য প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাকিবুল ইসলাম। তিনি বলেন,“শ্রমিকরা দেশের অর্থনীতির ভিত্তি। তাদের শ্রম, মেধা ও ত্যাগের ওপর দাঁড়িয়ে উন্নয়নের চাকা সচল থাকে। তাই শ্রমিকদের শুধু উৎপাদনের অংশ হিসেবে নয়, উন্নয়নের অংশীদার হিসেবে মূল্যায়ন করতে হবে। নিরাপদ কর্মপরিবেশ, স্বাস্থ্য সুরক্ষা এবং পেশাগত নিরাপত্তা নিশ্চিত করা এখন সময়ের দাবি। কর্মক্ষেত্রে সচেতনতা বৃদ্ধি, নিয়মনীতি মেনে চলা এবং শ্রমিকবান্ধব পরিবেশ তৈরিতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।”
তিনি আরও বলেন,“একটি আধুনিক ও মানবিক কর্মপরিবেশ গড়ে তুলতে প্রশাসন সবসময় শ্রমিকদের কল্যাণে কাজ করে যাচ্ছে। শ্রমিক ও মালিকের পারস্পরিক সহযোগিতা এবং আইনের যথাযথ প্রয়োগের মাধ্যমে একটি সুশৃঙ্খল কর্মসংস্কৃতি প্রতিষ্ঠা সম্ভব।”
অনুষ্ঠান শেষে শ্রমিকদের অধিকার ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতে সবাইকে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।
Leave a Reply