রাউফুর রহমান পরাগ :
মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক ও আধুনিক বাংলাদেশের স্থপতি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আশুলিয়ায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩০ মে) আশুলিয়ার হাবিব কনভেনশন হলে সাভার থানা, সাভার পৌর ও আশুলিয়া থানা বিএনপি এবং যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ আইয়ুব খান। এছাড়া সাভার-আশুলিয়া বিএনপি এবং এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।
দোয়া মাহফিলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কর্মময় জীবন, দেশপ্রেম ও গণতন্ত্র প্রতিষ্ঠায় তাঁর অবদানের কথা স্মরণ করা হয়। এ সময় বক্তারা বলেন, দেশের স্বাধীনতা, উন্নয়ন ও গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠায় জিয়াউর রহমানের রাজনৈতিক দর্শন আজও প্রাসঙ্গিক।
প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ আইয়ুব খান বলেন, দেশের উন্নয়ন ও সার্বভৌমত্ব রক্ষায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শকে ধারণ করে একটি সমৃদ্ধ, আধুনিক ও গণতান্ত্রিক বাংলাদেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
পরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। দোয়া ও মিলাদ মাহফিল শেষে উপস্থিত নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে তবারক বিতরণ করা হয়।
Leave a Reply