মো.শিফাত মাহমুদ ফাহিম,বিশেষ প্রতিনিধি:বাংলাদেশের বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, মহান স্বাধীনতার ঘোষক ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি মেজর জেনারেল জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে নওগাঁ জেলা বিএনপির উদ্যোগে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
নওগাঁ জেলা বিএনপির আহ্বানে আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ সদর-৫ আসনের মাননীয় সংসদ সদস্য জননেতা মোঃ জাহিদুল ইসলাম ধলু। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নওগাঁ জেলা বিএনপির সংগ্রামী সভাপতি জননেতা মোঃ আবু বক্কর সিদ্দিক নান্নু।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নওগাঁ জেলা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক মোঃ মামুনুর রহমান রিপন। এ সময় উপস্থিত ছিলেন নওগাঁ জেলা বিএনপির সংগ্রামী সাংগঠনিক সম্পাদক ও বিএনপির ত্যাগী নেতা মোঃ শফিউল আজম (ভিপি রানা), নওগাঁ জেলা যুবদলের সদস্য সচিব মোঃ রুহুল আমিন মুক্তারসহ জেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
আলোচনা সভায় বক্তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কর্মময় জীবন, দেশপ্রেম, স্বাধীনতা যুদ্ধের অবদান এবং বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠায় তাঁর ঐতিহাসিক ভূমিকার কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তারা বলেন, জিয়াউর রহমান ছিলেন একজন দূরদর্শী রাষ্ট্রনায়ক, যিনি দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছেন। তাঁর আদর্শ ও রাজনৈতিক দর্শন আজও দেশের কোটি মানুষের অনুপ্রেরণার উৎস।
বক্তারা আরও বলেন, দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে শহীদ জিয়ার আদর্শ ধারণ করে জাতীয়তাবাদী শক্তিকে আরও সুসংগঠিত করতে হবে এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনকে বেগবান করতে হবে। তারা দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।
অনুষ্ঠান শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। একই সঙ্গে দেশ ও জাতির কল্যাণ, শান্তি, সমৃদ্ধি এবং গণতন্ত্রের অগ্রযাত্রা কামনা করা হয়।
নওগাঁ জেলা বিএনপির এ আয়োজনে জেলার বিভিন্ন উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পর্যায় থেকে বিপুল সংখ্যক নেতাকর্মীর উপস্থিতিতে অনুষ্ঠানটি এক মিলনমেলায় পরিণত হয়। নেতাকর্মীরা শহীদ জিয়ার আদর্শ বাস্তবায়ন এবং দলকে আরও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন।
Leave a Reply