মো.শিফাত মাহমুদ ফাহিম,বিশেষ প্রতিনিধি:নওগাঁর আত্রাই উপজেলায় নিউমোনিয়া টিকা দেওয়ার মাত্র ২৪ ঘণ্টার ব্যবধানে তিন মাস বয়সী এক শিশুর রহস্যজনক মৃত্যু ঘিরে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সোমবার (২০ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার ব্রজপুর গ্রামে ঘটে যাওয়া এ ঘটনায় শোকের পাশাপাশি ক্ষোভ ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে পুরো এলাকায়। মৃত শিশুটি মহিমা আক্তার, স্থানীয় বাসিন্দা চাঁন মিয়ার কন্যা।
পরিবারের অভিযোগ, সম্পূর্ণ সুস্থ শিশুকে টিকা দেওয়ার জন্য কেন্দ্র থেকে ডেকে নেওয়া হলেও, টিকা গ্রহণের পর থেকেই তার শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটে। জানা যায়, গত ১৮ এপ্রিল ব্রজপুর কাদির টিকা কেন্দ্রের কর্মী সেজ্জাতুন ফোন করে শিশুটির পরিবারকে ১৯ এপ্রিল টিকা দেওয়ার জন্য উপস্থিত হতে বলেন। পরদিন সকালে মা ফারজিনা আক্তার শিশুটিকে নিয়ে কেন্দ্রে গেলে সকাল আনুমানিক ১১টার দিকে তাকে নিউমোনিয়ার টিকা দেওয়া হয়।
স্বজনদের ভাষ্যমতে, টিকা দেওয়ার পরপরই শিশুটি অস্বাভাবিকভাবে ঝিমিয়ে পড়ে এবং ধীরে ধীরে অসুস্থ হয়ে পড়ে। চিকিৎসা বা পর্যবেক্ষণের যথাযথ ব্যবস্থা না থাকায় অবস্থার অবনতি হতে থাকে এবং পরদিন সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তার মৃত্যু হয়।
শিশুটির পিতা চাঁন মিয়া ক্ষোভ প্রকাশ করে বলেন, “আমার মেয়ে পুরোপুরি সুস্থ ছিল। টিকা দেওয়ার জন্য ডেকে নিয়ে গিয়ে যদি এভাবে প্রাণ চলে যায়, তাহলে এর দায় কে নেবে? এটা কি শুধু ‘দুর্ভাগ্য’ বলে এড়িয়ে যাওয়ার মতো ঘটনা?”
এ ঘটনায় স্থানীয়দের মধ্যেও তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকেই টিকাদান প্রক্রিয়ার স্বচ্ছতা, নিরাপত্তা এবং সংশ্লিষ্টদের দায়িত্বশীলতা নিয়ে প্রশ্ন তুলেছেন। তাদের দাবি, বিষয়টি ধামাচাপা না দিয়ে দ্রুত সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত কারণ উদঘাটন করতে হবে এবং দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে।
অন্যদিকে, আত্রাই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. খায়রুল আলম বলেন, “এ ধরনের ঘটনা স্বাভাবিক নয়। আমরা বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করছি।” তবে তার এমন বক্তব্যে সন্তুষ্ট নন এলাকাবাসী; তারা দ্রুত দৃশ্যমান পদক্ষেপ দেখতে চান।
ঘটনাটি এখন শুধুমাত্র একটি পরিবারের শোকের মধ্যে সীমাবদ্ধ নেই—এটি জনস্বাস্থ্যের ওপর আস্থার একটি বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। যথাযথ তদন্ত ও জবাবদিহিতা ছাড়া এই আস্থা ফেরানো কঠিন হবে বলেই মনে করছেন সচেতন মহল।
Leave a Reply