আত্রাই (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁ জেলার আত্রাই উপজেলার পার-পাঁচুপুর গ্রামে পরকীয়ার অভিযোগকে কেন্দ্র করে এক ব্যক্তির মৃত্যুর ঘটনা এবং পরবর্তী গ্রাম্য সালিশে মাত্র ৪০ হাজার টাকা জরিমানা করে বিষয়টি ধামাচাপা দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।
স্থানীয় সূত্রে জানা যায়,উপজেলার পার-পাঁচুপুর গ্রামের প্রতিবেশী সাজ্জাদ হোসেন (৪৫) ও আফরোজা বিবি (৪০)-এর মধ্যে দীর্ঘদিন ধরে অনৈতিক সম্পর্ক রয়েছে বলে অভিযোগ রয়েছে। প্রতিবেশীদের দাবি, এর আগেও কয়েকবার বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসা করে ধামাচাপা দেওয়া হয়েছে।
অভিযোগ রয়েছে, আফরোজা বিবির স্বামী এবারেক প্রামাণিক গত ২ জুন ২০২৬ তারিখে স্ট্রোক করে মারা যান। স্থানীয়দের কেউ কেউ দাবি করছেন, স্ত্রীর পরকীয়ার বিষয়টি নিয়ে মানসিক আঘাত ও কষ্টে তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন। তবে তার মৃত্যুর সঙ্গে পরকীয়ার সরাসরি কোনো সম্পর্ক ছিল কি না, তা নিশ্চিতভাবে জানা যায়নি।
স্বামীর মৃত্যুর পর সাজ্জাদ ও আফরোজার মধ্যে কথিত সম্পর্ক আরও প্রকাশ্য হয়ে ওঠে বলে স্থানীয়দের অভিযোগ। প্রতিবেশীদের বাধা উপেক্ষা করে তারা পরকীয়ায় লিপ্ত থাকতেন বলেও অভিযোগ রয়েছে।
এরই ধারাবাহিকতায় ২৬ আগস্ট রাত আনুমানিক ১টার দিকে তাদের দুজনকে আপত্তিকর অবস্থায় দেখতে পান বলে দাবি করেন কয়েকজন প্রতিবেশী। পরে বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে বিচার-সালিশের আয়োজন করা হয়।
সালিশে সাজ্জাদ হোসেনকে ৩০ হাজার টাকা এবং আফরোজা বিবিকে ১০ হাজার টাকা অর্থদণ্ড করা হয় বলে স্থানীয়রা জানিয়েছেন। সালিশে ইসমাইল, ফরহাদ, ফিরোজ ও ওয়াহেদসহ কয়েকজন উপস্থিত ছিলেন বলে জানা গেছে।
এদিকে, গুরুতর অভিযোগের বিষয়টি অর্থদণ্ডের মাধ্যমে নিষ্পত্তি করায় স্থানীয় যুবসমাজ ও এলাকাবাসীর মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছে। গতকাল থেকে এলাকায় এ নিয়ে চরম উত্তেজনা বিরাজ করছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
তবে সাজ্জাদ হোসেন ও আফরোজা বিবির বিরুদ্ধে আনা পরকীয়ার অভিযোগ এবং এবরাক প্রামাণিকের মৃত্যুর সঙ্গে ওই ঘটনার কোনো যোগসূত্র রয়েছে কি না- এ বিষয়ে তাদের বক্তব্য পাওয়া যায়নি। অভিযোগগুলোর স্বাধীন সত্যতা যাচাইও করা সম্ভব হয়নি।
স্থানীয়রা বিষয়টি সুষ্ঠুভাবে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
Leave a Reply