মো.শিফাত মাহমুদ ফাহিম,বিশেষ প্রতিনিধি:জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসানকে উপাচার্য পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক ড. মো. নূরুল ইসলামকে নতুন উপাচার্য হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।
শনিবার (২৬ সেপ্টেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের পৃথক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলরের অনুমোদনক্রমে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আদেশ, ১৯৭৩-এর সংশ্লিষ্ট ধারায় এ নিয়োগ ও অব্যাহতির আদেশ জারি করা হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসানকে উপাচার্য পদ থেকে অব্যাহতি দিয়ে তাঁর মূল পদ দর্শন বিভাগের অধ্যাপক হিসেবে যোগদানের অনুমতি দেওয়া হয়েছে। তিনি ২০২৪ সালের ৫ সেপ্টেম্বর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছিলেন। চলতি সেপ্টেম্বরেও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কর্মসূচিতে উপাচার্য হিসেবে তিনি দায়িত্ব পালন করেছেন।
অন্যদিকে, অধ্যাপক ড. মো. নূরুল ইসলামকে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্য পদ থেকে অব্যাহতি দিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক। বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, তিনি নটিংহাম বিশ্ববিদ্যালয় থেকে ২০১১ সালে পিএইচডি অর্জন করেন এবং দুই দশকের বেশি সময় ধরে শিক্ষকতা ও গবেষণার সঙ্গে যুক্ত।
প্রজ্ঞাপনের শর্ত অনুযায়ী, অধ্যাপক নূরুল ইসলামের উপাচার্য হিসেবে নিয়োগের মেয়াদ হবে যোগদানের তারিখ থেকে চার বছর অথবা তাঁর অবসর গ্রহণের তারিখ পর্যন্ত—যেটি আগে ঘটে। তিনি বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতা ও বিধি অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন।
এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে তাঁকে সার্বক্ষণিক ক্যাম্পাসে অবস্থান করতে হবে। রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজন মনে করলে যেকোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
অধ্যাপক নূরুল ইসলাম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়েরই সাবেক শিক্ষার্থী। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রোফাইল অনুযায়ী, তিনি ১৯৯২ সালে ভূগোলে স্নাতক (সম্মান) এবং ১৯৯৩ সালে স্নাতকোত্তর সম্পন্ন করেন। ১৯৯৭ সালে শিক্ষকতা পেশায় যোগ দিয়ে পরবর্তীতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেন। ২০১৪ সাল থেকে তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হিসেবে কর্মরত।
নতুন উপাচার্যের নিয়োগের মধ্য দিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রশাসনে নতুন নেতৃত্বের যাত্রা শুরু হলো।
Leave a Reply